কামারখন্দে নিষিদ্ধ পিরানহা বিক্রিতে জরিমানা
- আপডেট : ১০:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ২২৫ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জের কামারখন্দ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে কাবিল (৪০) নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার হাটখোলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন। দণ্ডপ্রাপ্ত কাবিল উপজেলার ধুনচি গ্রামের খোদা বক্স প্রামাণিকের ছেলে।
এর আগে সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার জামতৈল বাজার ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ‘খুশি মেডিকেল হল’ ও ‘মেসার্স মুক্তি ফার্মেসি’কে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, জনসাধারণের দুর্ভোগ কমাতে বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ এর ৫(১) ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় দুটি পৃথক মামলায় যথাক্রমে ৩ হাজার ও ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।
















