ঈশ্বরদীর দাশুড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কৃষকের বাড়িতে তাৎক্ষণিক জামায়াত নেতৃবৃন্দের সহায়তা প্রদান
- আপডেট : ০৩:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২৮৮ বার দেখা হয়েছে
ঈশ্বরদীর দাশুড়িয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক মোঃ শামীম হোসেনের তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।
এ ঘটনায় ঘরে থাকা নগদ প্রায় এক লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, পোশাকসহ কৃষিকাজের প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খারজানী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে শামীম হোসেনের গোয়ালঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুনের ভয়াবহতা এতটাই বেড়ে যায় যে, তিনটি ঘরই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
তবে সৌভাগ্যক্রমে গোয়ালঘরে থাকা গরুগুলো দড়ি ছিঁড়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি ও গবাদিপশুর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক শামীম হোসেন জানান, আসন্ন সবজি চাষসহ কৃষিকাজের বিভিন্ন খরচ মেটানোর জন্য দীর্ঘদিনের কষ্টার্জিত প্রায় এক লাখ টাকা তিনি ঘরে রেখেছিলেন। আগুনে সেই নগদ টাকা ছাড়াও পরিবারের স্বর্ণালংকার, আসবাবপত্র, পোশাক ও প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর স্বর্ণালংকারেরও কোনো অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। সব মিলিয়ে তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে রাত আনুমানিক দেড়টার দিকে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে বাড়িতে যাওয়ার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হেঁটে ঘটনাস্থলের দিকে যাওয়ার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জামায়াতের দায়িত্বশীল ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রীও প্রদান করা হয় তাদের পক্ষ হতে।
হঠাৎ ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে বসতঘর, প্রয়োজনীয় সামগ্রী ও কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও সামর্থ্যবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।











