ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল বিরোধী অভিযান: ‘পাবনা দই ঘর’-কে ১ লাখ টাকা জরিমানা
- আপডেট : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৫১ বার দেখা হয়েছে
পাবনার ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অপরাধে ঐতিহ্যবাহী মিষ্টান্ন প্রতিষ্ঠান ‘পাবনা দই ঘর’-কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে পাবনা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ঈশ্বরদীর নূর মহল্লায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনা জেলার কর্মকর্তা মো. শামীম আহম্মেদ।
প্রথমে পোস্ট অফিস মোড় শাখায় পাবনা দই ঘরের সার্বিক কার্যক্রম ও পণ্যের মান যাচাই করা হয়। পরবর্তীতে নূর মহল্লায় অবস্থিত তাদের মূল কারখানায় অভিযান চালিয়ে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও অন্যান্য মিষ্টান্ন তৈরির সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন—
- মো. আব্দুল্লাহ মামুন (স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, ঈশ্বরদী উপজেলা)
- আবুল কায়সার সুজা (স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, পৌরসভা)
- মো. আনিসুর রহমান (এসআই, ঈশ্বরদী থানা) সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার কারখানার বিভিন্ন অনিয়ম তুলে ধরে মালিকপক্ষকে কঠোর সতর্কবার্তা দেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে ব্যবসা পরিচালনার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিবেশ উন্নত করার শর্তে এবং ভবিষ্যতে নিয়ম মেনে চলার মুচলেকায় অভিযান সমাপ্ত করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









