ঈশ্বরদীর সড়ক যেন মৃত্যুর ফাঁদ, পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
- আপডেট : ০৪:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮১ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মুনিরা খাতুন নামে এক অষ্টম শ্রেণীর ছাত্রী (১৫) ও এক শিশু আব্দুল আলিম লাল (৬) নামে নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯.৩০ টার দিকে পাবনা-পাকশী মহাসড়কের মন্ত্রীমোড় জকু ব্যাপারীর মিলের সামনে এবং ১১ টার দিকে ঈশ্বরদী ইপিজেড দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু লাল সাঁড়া ইউনিয়নের তালতলা মৌলভী পাড়ার মিলন হোসেনের ছেলে। এদিকে নিহত স্কুল ছাত্রী মুনিরা খাতুনের বাড়ি বাঁশেরবাধা, নিহত মুনিরা নুরজাহান বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে পড়াশোনা করত বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯.৩০ টার দিকে পাবনা-পাকশী মহাসড়কে একটি অটোবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি হতে রুপপুরে যাওয়ার পথে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে বেলা ১১টার দিকে ইপিজেড সড়কের বাঘইল দাসপাড়া মন্দিরের সামনে রাস্তা পার হওয়ার সময় শিশু লাল একটি দ্রুতগামী ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই শিশু লালের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, নিহত কিশোরীর প্রাথমিকভাবে পরিচয় শনাক্তকরণ সম্ভবপর না হলেও পরবর্তীতে পরিচয় নিশ্চিত হওয়া যায়। শিশুকে চাপা দেওয়া ঘাতক ডাম্প ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।




















