ঈশ্বরদী-লালপুর মহাসড়কে ট্রাকের চাপায় তিন জনের মৃত্যু
- আপডেট : ১১:২০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ১৬০ বার দেখা হয়েছে
নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হওয়ার পাশাপাশি আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) ও বাবুল (৩৫)। তারা সবাই লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি ইজিবাইক যাচ্ছিল। নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চালকসহ আরও ছয়জন আহত হন।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঁচজনকে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে রয়েছেন – ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে আরও জানান।













