সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৪
- আপডেট : ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৬৬৩ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করেছে নৌ পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চৌহালীর এনায়েতপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে বিকেলে এনায়েতপুর থানায় নৌ পুলিশের এএসআই বেলাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন।
আটক ব্যক্তিরা হলেন, শাহজাদপুর উপজেলার জালালপুর এলাকার কামাল বেপারীর ছেলে ইউনুস আলী (২০), মোতালেব বেপারীর ছেলে হারুন অর রশীদ (৪০), জিন্নাহ মণ্ডলের ছেলে হৃদয় মণ্ডল (২০) ও মৃত শুকুর বেপারীর ছেলে নুর ইসলাম (৪৫)।
নৌ পুলিশ জানায়, চৌহালীর এলাকার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। এ সময় একটি বাংলা ড্রেজার মেশিন ও একটি বাল্কহেড জব্দ করা হয়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ফিরোজ উদ্দিন বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করে মামলা দেওয়া হয়েছে। আসামিদের এনায়েতপুর থানায় রাখা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।











