ট্রেনে কাটা পড়ে ঈশ্বরদীতে যুবকের মর্মান্তিক মৃত্যু
- আপডেট : ০৪:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ৩৭০ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আমির খসরু (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরআগে রবিবার মধ্যরাতে উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকায় নিজ বাড়ির সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির খসরু ঐ এলাকার সাবান আলীর ছেলে এবং পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গেদু মেম্বারের ভাতিজা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে আমির খসরুর বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পরই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপ থেকে তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। ঘটনার একদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের বাবা-মা ঢাকায় অবস্থান করছেন। তারা ঈশ্বরদীতে পৌঁছালে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এখন পর্যন্ত সম্ভব না হলেও পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।






















