আইনি জটিলতায় স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব
- আপডেট : ০৫:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ২২১ বার দেখা হয়েছে
আইনি জটিলতার কারণে স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার নতুন অধ্যাদেশ জারি করেছে। সেটি আইন হিসেবে পাস হওয়ার পর নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন, ‘বিগত অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের বিধান করেছে। এই নির্বাচনগুলো দলীয় প্রতীকে হতো। সেই প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে করার জন্য প্রস্তাবনা দিয়েছে। এই অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করেছেন আইনমন্ত্রী। এরপরে বিশেষ কমিটিতে আছে। জাতীয় সংসদ এই পাঁচটি অধ্যাদেশ পাস করার পরে আইন মন্ত্রণালয় হয়ে আমাদের মন্ত্রণালয়ে আসবে। তখন সাধারণ প্রতীকে নির্বাচনের জন্য দ্রুততম সময়ে আমরা ব্যবস্থা নেব।’
পরে প্রতিমন্ত্রী নগর ভবনে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের ওপর নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজের অ্যাপ্রোচ রোড বাস্তবায়নের কাজ সম্পন্ন করে ব্রিজটি সচল করে জনসাধারণ ও পরিবহন চলাচলের উপযোগী করতে সাত সদস্য বিশিষ্ট কমিটি করার নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।












