ঈশ্বরদীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট : ১০:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৪৭০ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে ১৪ কেজি গাঁজাসহ দুলাল হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ঈশ্বরদী শহরের মালগুদামসংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ (সিপিসি-২) পাবনার কোম্পানি কমান্ডার এনামুল হক। তিনি জানান, লালমনিরহাট থেকে এক ব্যবসায়ী করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বস্তাভর্তি বাদাম হিসেবে বুকিং দিয়ে গাঁজার একটি বড় চালান পাঠিয়েছিল ঈশ্বরদীতে। রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী করতোয়া কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুলাল হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়। এ সময় বাদামের নামে বুকিং দেয়া ১৪ কেজি গাঁজার বস্তা উদ্ধার করা হয়। জব্দ হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ টাকা।
আটক মাদক কারবারি দুলাল হোসেন লালমনিরহাট সদর উপজেলার দূরাকুঠি গ্ৰামের মৃত আক্কাস আলির ছেলে। আসামিকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদামের পার্সেলের ভিতর গাঁজা রাখার ঘটনা খুবই সুকৌশল ও পরিকল্পিত। আটক আসামিকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
























