পাকশী ইপিজেড এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার
- আপডেট : ০৮:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ২৩৬ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে পাকশী ইপিজেড এলাকায় ভাড়াবাসা থেকে পিয়ারা খাতুন (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পাকশী ইপিজেড এলাকায় রিপন হোসেনের বাসা থেকে ভাড়াটিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিয়ারা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে ও একই গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। সংসার জীবনে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত পিয়ারা বেগমের স্বামী হাফিজুর রহমান ঈশ্বরদী ইপিজেড এলাকায় দিনমজুরির কাজ করেন। স্ত্রী নিহত হওয়ার পর থেকে স্বামী হাফিজুর রহমান পলাতক রয়েছেন। বাড়ির মালিক রিপন হোসেন জানান, একমাস পূর্বে হাফিজুর রহমান বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। বাড়ির মালিক রিপন হোসেন আরও বলেন পরিবারের কলহের জের ধরে প্রায়ই তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়দা তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি আরও বলেন ঈশ্বরদী থানায় এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।






















