প্রথম সংসদ অধিবেশনের আগে সরকার দলীয় ও বিরোধী দলীয় সভা
- আপডেট : ১২:৫৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৪৩৭ বার দেখা হয়েছে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় সংসদ সদস্যগণের সাথে বৈঠক করেন। এই বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্যরা অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়েও বৈঠক হয় আজ।
কীভাবে সংসদ কার্যক্রম পরিচালনা করা হবে, বৈঠকে তারা সেসব আলোচনা করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে যে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন।
সাধারণত ক্ষমতাসীন দল থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।
জামায়াতে ইসলাম সেই প্রস্তাব গ্রহণ করবে কিনা, সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।
বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, “আমরা একটি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সিদ্ধান্তটা কী, সেটা খোলাসা হবে তখন, যখন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আলোচনা হবে।”
এ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিলেও এ বিষয়ে তারা এখনো কোনো ‘পজেটিভ রেসপন্স’ পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।











