ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা
- আপডেট : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ৭৫ বার দেখা হয়েছে
ঈশ্বরদী উপজেলায় ইমরান হোসেন সোহাগ (২৫) নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন সোহাগ সাঁড়া গোপালপুর এলাকার ইমানুল প্রামানিকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা সদস্য সচিব ছিলেন। সোহাগ পাবনা-৪ আসনের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী জাকারিয়া পিন্টুর সক্রিয় সমর্থক ছিলেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদলের প্রস্তাবিত সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপর বেঁঁধে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন ঘটনার সময় কয়েকটি গুলির শব্দও শোনা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা জানান, গুলি ও আঘাতের কারণে সোহাগের মাথার মগজ বের হয়ে গিয়েছিলো। সোহাগ এতে ঘটনাস্থলেই নিহত হন বলে ধারনা করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলি অথবা কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তাৎখনিকভাবে খতিয়ে দেখছে থানা পুলিশ।























