ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেফতার
- আপডেট : ০৩:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ৪৪২ বার দেখা হয়েছে
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার হওয়া যুবক হোসাইন মোহাম্মদ জিৎ (১৯) ঐ এলাকার লালু মালিথার ছেলে।
ডিবি সূত্র জানায়, পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।
ডিবি ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) অসিত কুমার বসাক, এসআই (নি.) বেনু রায়, পিপিএম, এসআই (নি.) আব্দুল লতিফসহ ডিবির একটি চৌকস টিম অভিযানে নেতৃত্ব দেয়।
অভিযান চলাকালীন জিৎ-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান এবং দশ চেম্বারবিশিষ্ট একটি রিভলভার উদ্ধার করে চৌকস পুলিশ সদস্যরা। অস্ত্রসহ ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। গ্রেপ্তার জিৎ-এর বিরুদ্ধে অস্ত্র আইন-১৮৭৮ এর ১৯ (এ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা রুজু হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, গ্রেফতার হোসাইন মোহাম্মদ জিৎ এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলেও মামলাটি তদন্ত সাপেক্ষের জন্য আটক হওয়া যুবক এখনও ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা যায়।
পাবনা জেলা পুলিশ সূত্রে জানা যায়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















