সলঙ্গায় ট্রাকচাপায় এলজিইডি প্রকৌশলীর মৃত্যু
- আপডেট : ১০:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ৩৮১ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক পারাপার হতে গিয়ে ট্রাকচাপায় রবিন ইসলাম (৩০) নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল–বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন ইসলাম একই এলাকার দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, রবিন ইসলাম প্রতিদিনই বাড়ি থেকে অফিসে যাতায়াত করতেন। সেদিনও অফিস শেষে বাড়ি ফেরার পথে সাহেবগঞ্জ এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।




















