সিরাজগঞ্জে বিএনপি নেতার নির্দেশে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা : আহত ১০
- আপডেট : ০৬:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৬১৯ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে৷ বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে দাবি জামায়াত নেতাকর্মীদের।
গতকাল সোমবার রাতে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে জামায়াত।
জামায়াতে নেতাকর্মীদের অভিযোগ, জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়িতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি এ হামলা করে।
তারা জানায়, সোনামুখীর মেফতাউল উলুম কওমিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ–১ (কাজীপুর–সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। প্রধান মেহমান ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম।
জামায়াতের অভিযোগ, প্রথমে মাহফিলে চলাকালীন সময় তারা হামলা করে এককর্মীকে মারধর করে এবং দ্বিতীয় দফায় সোনামুখী বাজার চৌরাস্তায় আরেক দফা হামলার ঘটনা ঘটে। এ সময় জামায়াতের নেতাকর্মীদের দুটি মোটরসাইকেলও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জামায়াতের জেলা মিডিয়া ও প্রচার বিভাগের হাফিজুল ইসলাম বলেন, দুই দফায় আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়। এতে প্রায় ১০ জন আহত হয়েছে। এই হামলা বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার নেতৃত্ব হয়। আমাদের দুটি মোটরসাইকেল তারা নিয়ে গেছে। গাড়ি ভাংচুর করেছে। আমরা বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম জানান, মঞ্চে হামলার সময় বিএনপির প্রার্থী সেলিম রেজা পরিস্থিতি শান্ত করেন। তবে দ্বিতীয় দফা হামলার বিষয়ে ফোন করলে সেলিম রেজা ‘সব নেতাকর্মী নিয়ে চলে যাচ্ছেন’ বলে জানান। পরে তিনি আর যোগাযোগ করেননি। শাহিনুর আলমের অভিযোগ, তখন পরিষ্কার হলো, তার ইন্ধনেই এসব হয়েছে। তিনি আরও বলেন, পুলিশকে জানানো হলে পুলিশ এসে ঘুরে চলে যায়।
ঘটনার বিষয়ে জানতে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজাকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, তারা যে অভিযোগ করেছে এটা সত্য নয়। তবে মাহফিলে জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম ভাই মিছিল নিয়ে জালসায় প্রবেশ করে, এটা স্থানীয়রা স্বাভাবিকভাবে নেয়নি। পরে আমি জালসায় বক্তব্য দিয়ে চলে আসি সেও চলে যায়।
এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ এনায়েতুর রহমান বলেন, ঘটনার বিষয়ে জানানো হলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এক মাহফিলে দুজনই অতিথি ছিলেন। সেখানে স্লোগান নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে। পরে রাস্তায় দুই পক্ষের দেখা হলে আবার ধাক্কাধাক্কি হয়। গুরুতর আহত হয়নি তবে পড়ে গিয়ে একটু আহত হয়েছিলো। আর লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










