শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন, যা জানা যাচ্ছে
- আপডেট : ০৯:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২১০ বার দেখা হয়েছে
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমানবাহিনীর ফায়ার ইউনিউও।
আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বিমানবন্দরে আটকে রয়েছে বলে জানা গেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও দেখেছেন তিনি।
সন্ধ্যার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি জানান, আগুন যেখানে লেগেছে এর পুরোটাই আমদানি কার্গো, রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদ রয়েছে।
উপদেষ্টা বলেন, “আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, আজকে রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে।”
এদিকে বিমান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রিরা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষে করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বেলা সোয়া দুইটার দিকে বিমানবন্দরটির আট নম্বর গেইট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত।
বিমানবন্দরে আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। একে একে ৩৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
দুপুরের পর এই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, কার্গো ভিলেজে লাগা এই আগুনে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের কর্মীদেরকেও আগুন নেভানোর কাজ করতে দেখা যায়।
বিমানবন্দর এলাকায় থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে জানিয়েছেন, কার্গো ভিলেজের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেছে। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে।










