পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাইয়ে ঈশ্বরদীতে ২ সচিব
- আপডেট : ১১:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ৩৬১ বার দেখা হয়েছে
পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই করতে রেল মন্ত্রণালয়ের সচিব এবং সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব ঈশ্বরদী-ঢালারচর রেল রুট পরিদর্শন করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের একটি বিশেষ কোচে দুই সচিব ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে উপজেলা প্রশাসন ও পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগসহ স্থানীয় কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান। তারা ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন ঘুরে দেখেন ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চল প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরিফ খান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নূরসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
পাবনা সার্কিট হাউজে মধ্যাহ্নভোজের বিশেষ ব্যবস্থা থাকায় সেখানে বিএনপির শীর্ষ নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন, রেল এবং সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিবদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজ শেষে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন করেন। পরবর্তীতে ঢাকা-পাবনার ট্রেন চলাচলের সম্ভাব্য রুট পরিদর্শন করেন তারা।




















