ছাত্রদল নেতা সোহাগ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট : ০৭:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ২২৩ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ও উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ইমরান হোসেন সোহাগকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের এক নম্বর গেটে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ছাত্রদল নেতা নাজমুল হাসান রিশাদ, মাহমুদুল ইসলাম শাওন, মোস্তাফিজুর রহমান বিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সোহাগ রাজপথের একজন লড়াকু সৈনিক ছিল। দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। গতকাল রাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










