কামারখন্দের চরদশসিকায় রাস্তা মেরামতে বিএনপির নেতা-কর্মীরা
- আপডেট : ১০:৪১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৯৩৪ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদসশিকা গ্রামের কাঁচা রাস্তায় দেখা মিলল রাজনীতির অন্যরকম চিত্র। হাতে কোদাল, কাঁধে দলীয় দায়িত্ব। বিএনপির নেতা-কর্মীরা কেউ মাটি সমান করছেন আবার কেউ বালু ভর্তি করে টুপড়িতে তুলছেন। মাঝেমধ্যে পথচারীদের থামিয়ে ধানের শীষেও ভোট চাইছেন।
নির্বাচন সামনে রেখে বিএনপির নেতা-কর্মীরা এবার ভোট চাইছেন ভিন্নভাবে। ধানের শীষের প্রচারণার পাশাপাশি নিজ উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কার করে মানুষের মন জয়ের চেষ্টা করছেন তাঁরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে ছোট রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার চরদসশিকা গ্রামে দেখা গেল সেই চিত্র। কেউ বালু টুপড়িতে তুলছেন, কেউ কোদাল দিয়ে মাটি সমান করছেন, আবার কেউ স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার খোঁজ নিচ্ছেন।
এর আগে গত চার দিন ধরে তাঁরা উপজেলার জামতৈল পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, কর্ণসূতির মোড়, জামতৈল মডেল স্কুল মোড়, পাইকোশা, চালা শাহবাজপুর ও চরদসশিকা এলাকায় কয়েক দফা ছোট–বড় রাস্তায় সংস্কার করেছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, টুকু ভাইয়ের নির্দেশে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করছি। এখন পর্যন্ত ১০–১২ জায়গায় কাজ হয়েছে। মানুষ দেখুক আমরা শুধু ভোট চাই না, কাজও করি।
তিনি আরও বলেন, আমি নিজেও মাঠে নেমেছি কর্মীদের উৎসাহ দিতে। ইনশা আল্লাহ নির্বাচনে জয়ী হলে যেসব এলাকায় রাস্তা–ব্রিজ সমস্যা আছে, সেগুলোতে কাজ করব। মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন গ্রামবাসী বলেন, নির্বাচনের সময় নেতারা আসেন, কিন্তু রাস্তা মেরামত করতে দেখা যায় না। এবার অন্য রকম লাগছে।
রাস্তা সংস্কারের সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাউল রাব্বি উথান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন, বিএনপি নেতা সোহেল মাহমুদ খান, উপজেলা যুবদলের সদস্যসচিব হাসনাতে রাব্বি সুমন, যুবদল নেতা শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্যসচিব তানভীর ইসলাম।
নেতা-কর্মীদের ভাষ্য মানুষের অভিযোগ, রাস্তার দুর্ভোগ ও স্থানীয় সমস্যাগুলো নিজেরাই যাচাই করে দেখছেন তাঁরা।
রাস্তা সংস্কারের কাজে ব্যস্ত নেতা-কর্মীদের পাশে মাঝে মাঝে শোনা যায় ধানের শীষে ভোট চাইবার আহ্বান। তবে সেটা মাইকে নয় মানুষের সাথে সরাসরি কথা বলে, হাত মেলাতে মেলাতে।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, কামারখন্দে ততই স্পষ্ট হয়ে উঠছে মাঠের প্রতিযোগিতা। আর ভোট চাইতে গিয়ে ভাঙা রাস্তা মেরামতের মতো উদ্যোগ এ অঞ্চলে নির্বাচনী প্রচারে এক নতুন দৃশ্যপট তৈরি করছে।










