ঈশ্বরদীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৩৬৫ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে শহীদ শরীফ ওসমান বিন হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ২ নং ওয়ার্ডের অন্তর্গত চরমিরকামারী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,
“শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন একজন আদর্শবাদী ও নির্ভীক সংগ্রামী মানুষ। ইসলামী আন্দোলন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর শাহাদাত আমাদের জন্য প্রেরণা, দায়িত্ব ও অঙ্গীকার এই আদর্শ থেকে বিচ্যুত হওয়া চলবে না।”
তিনি আরও বলেন, “আজকের এই জালিম ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় শহীদদের ত্যাগকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। শহীদ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাহফুজুর রহমান।
সলিমপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সাইদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, সলিমপুর ইউনিয়ন আমির মোঃ তবিবুর রহমান, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, যুব বিভাগ সেক্রেটারি মোঃ শাহানুর ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ ওসমান বিন হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
























