পুলিশের কড়া নিরাপত্তায় ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট : ০৪:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮৬ বার দেখা হয়েছে
কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ বিভাজন ফের প্রকাশ্যে এসেছে, কারণ দুই পক্ষ আলাদাভাবে পৃথক স্থানে কর্মসূচি পালন করেছে। সম্ভাব্য উত্তেজনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো শহরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর অনুসারীরা নিজ নিজ উদ্যোগে সমাবেশ ও পতাকা উত্তোলন করেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা শহরের পোস্ট অফিস মোড়ে এবং জাকারিয়া পিন্টুর অনুসারীরা রেলগেট ট্রাফিক মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের সঙ্গে দলীয় পতাকা উত্তোলন করা হয়। উভয় পক্ষের পৃথক এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই পোস্ট অফিস মোড়, রেলগেট ট্রাফিক মোড়সহ ঈশ্বরদী শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের কঠোর উপস্থিতি লক্ষ করা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের শোভাযাত্রারও পৃথক কর্মসূচি রয়েছে। জাকারিয়া পিন্টুর অনুসারীরা মঙ্গলবার বিকেলে এবং হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, ঈশ্বরদীতে বিএনপির দুটি পক্ষ রয়েছে এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের পৃথক কর্মসূচি থাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।










