পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানে পিষ্ট হয়ে প্রাণ গেল দুই পুলিশ কর্মকর্তার
- আপডেট : ০৬:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৩৬০ বার দেখা হয়েছে
পাবনার ঈশ্বরদীতে লালন শাহ সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার কাছাকাছি কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভেড়ামারার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- পুলিশের ইন্সপেক্টর মো. মোজাহারুল ইসলাম (৫৩) ও এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা উভয়ই ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন। মৃত মোজাহারুল ইসলাম রংপুরের পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদের ছেলে ও মৃত কয়েজ উদ্দি রাজশাহীর তানোর থানার কসিমদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ১৬ ডিসেম্বর পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবি কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন মোটরসাইকেলযোগে ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের দিকে যাচ্ছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্যই এসেছিলেন বলে জানান পুলিশ সদস্যরা। এসময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে তাদের ব্যবহৃত মোটরসাইকেলকে সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হন। মুহূর্তেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া চৌড়হাস থানা হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের গাড়ি তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, গত পরশু দিন মোজাহারুল ইসলাম এখানে কাজে যোগদান করেছেন। তিনি মূলত তথ্য সংগ্রহের জন্যই এসেছিলেন। দুর্ঘটনায় মর্মান্তিক এই মৃত্যুর ১০ মিনিট আগেও থানার অন্য অফিসারের সঙ্গে তার কথা হয়েছিল।




















