ঈশ্বরদীতে ছাত্রদলের মামলায় শিবিরের ১১ নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন
- আপডেট : ০৪:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৯৮ বার দেখা হয়েছে
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনার মামলায় গ্রেপ্তার ১১ শিবির নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন পাবনা ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পাবনা আমলী-২ আদালতের (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী কামাল হোসাইন নিশ্চিত করে বলেন, এর আগে বৃহস্পতিবার ২৩ এপ্রিল এই সংঘর্ষ ঘটে। চট্রগ্রাম সিটি কলেজে শিবির কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে ঈশ্বরদী সরকারি কলেজ গেটে পৌঁছালে ছাত্রদলের মধ্যে হতে ইট, ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করে ছত্রভঙ্গ করে দিতেই এ ঘটনা ঘটানো হয় বলে দাবি করেন ছাত্রশিবির কলেজ সভাপতি। সঙ্গে সঙ্গেই দু’দলের মধ্যে উত্তেজনা বিরাজে সংঘর্ষ বেঁধে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
কলেজ ছাত্রদল সভাপতি বাদী হয়ে পরদিন শিবিরের ৩১ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয়ে ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলার প্রেক্ষিতেই শিবির নেতাকর্মীরা জামিন নিতে পাবনা ম্যাজিস্ট্রেট আদালতে যান। পাবনা আমলী-২ আদালত কর্তৃক জামিন নামঞ্জুর হলে শিবিরের ১১ জন নেতাকর্মীকে আটক দেখানো হয় এবং তাদের জামিন আবেদন নাকচ করে মঙ্গলবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।














