ঈশ্বরদী পৌর স্টেডিয়ামে সংস্কারকাজের উদ্বোধন
- আপডেট : ১১:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৫২৩ বার দেখা হয়েছে
ঈশ্বরদী পৌর স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করা হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঈশ্বরদী পৌরবাসী বিশেষ করে ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ঈশ্বরদী পৌর স্টেডিয়ামের সংস্কারের অংশবিশেষ স্টেডিয়ামে মাটি ভরাটের কাজ শুরু হয়। সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়নের ব্যক্তিগত উদ্যোগে স্টেডিয়ামের এই সংস্কারেরকাজের উদ্বোধন করা হয়।
ঈশ্বরদী ক্রিকেট একাডেমির কোচ ও ক্রীড়া সংগঠক মারুফ হোসেন বলেন, পরিত্যক্ত স্টেডিয়াম সংস্কারের কারণে নতুনভাবে খেলা শুরু হলে আমাদের ক্ষুদে ক্রিকেটাররা আনন্দবোধ করবে ও মাঠটি প্রাণ ফিরে পাবে। মাঠের সংস্কারকাজের জন্য সাবেক এই ছাত্রনেতা নয়নকে ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। একই সাথে ছাত্রনেতা নয়নের মতো স্বাবলম্বী ব্যক্তিরা এগিয়ে এলে ঈশ্বরদীর ক্রীড়ামোদী খেলোয়াড়রা আরও একধাপ সামনে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন।
সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন বলেন, ‘ঈশ্বরদী পৌরবাসীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঈশ্বরদী স্টেডিয়াম তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং ঈশ্বরদী পৌর স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা অনুশীলন শুরু হবে। স্টেডিয়ামের মাঠটি দীর্ঘদিন ধরে খেলার অযোগ্য ছিল। ক্রীড়ামোদী খেলোয়াড়দের খেলা বন্ধ থাকার কারণে আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে মাঠের সংস্কারকাজ শুরু করি।’
নয়ন আরও বলেন, ‘পৌরসভায় নির্বাচিত মেয়র না থাকার কারণে সব উন্নয়নকাজ বন্ধ হয়ে আছে। নির্বাচিত মেয়র থাকলে হয়তো এত দিনে স্টেডিয়ামের সংস্কার হতো। স্টেডিয়ামে খেলাধুলা বন্ধ থাকার কারণে ঈশ্বরদী পৌর স্টেডিয়ামের ক্রিকেটারদের জন্য আমি একটি উন্নত মানের ক্রিকেট পিচ এবং আউটফিল্ড নতুন ঘাস লাগানোর উদ্যোগ নিয়েছি।’ ঈশ্বরদী পৌর স্টেডিয়ামকে একটি আধুনিক ও যুগোপযোগী স্টেডিয়ামে রূপান্তরিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা খালেদ বিন, পৌর ছাত্রদল নেতা রাফি ও শ্রমিক নেতা লিটনসহ ঈশ্বরদী ক্রিকেটার একাডেমির খেলোয়াড়রা।














