ঈশ্বরদীতে কমিউনিটি স্কোর কার্ড বিষয়ক মতবিনিময় সভা
- আপডেট : ০৭:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৭৮ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সরকারি সেবায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে “কমিউনিটি স্কোর কার্ড বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মুলাডুলি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা শ্রমজীবী ও দুঃস্থ কল্যাণ সংস্থা। সংস্থার ‘আমরাই পারি’ প্রকল্পের আওতায় জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার নির্বাহী পরিচালক নাসির উদ্দিন মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মুলাডুলি ইউনিয়ন পরিষদের প্রশাসক শিহাব উদ্দিন। সভাটি পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার মাসুদুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহাতাজুল রহমান এবং সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার।
সভায় আরও বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী সেলিম আহমেদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আদিবাসী প্রতিনিধি লুইস বিশ্বাস, মুক্তি বিশ্বাস, রিপা কর্মকারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসীরা এখনও পিছিয়ে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবার ক্ষেত্রে তারা নানা বঞ্চনার শিকার। তাই সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে আদিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।
প্রধান অতিথি শিহাব উদ্দিন বলেন, আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও সরকারি সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী প্রতিনিধি, স্থানীয় জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা আশা ব্যক্ত করেন ,আমরাই পারি, সফল বাস্তবায়নের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠা আরও বেগবান হবে।






















