দাশুড়িয়ায় নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার
- আপডেট : ০৯:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৫১৮ বার দেখা হয়েছে
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের ২ দিন পর ইমান আলী (৫৭) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দাশুড়িয়া ইউনিয়নের পাবনা সুগার মিলের পাশের জঙ্গল থেকে নিহত ভ্যাচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমরান আলী প্রামানিক মুনসিতপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল প্রামানিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নিহত ইমরান আলী প্রামানিক সোমবার দিবাগত রাতে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত গভীর হওয়ায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে গতকাল ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের জন্যই এ হত্যার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর জানান।










