বেড়ায় ফেনসিডিল ও বিদেশি মদসহ আটক ২
- আপডেট : ১০:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৪৫৩ বার দেখা হয়েছে
পাবনার বেড়া উপজেলায় ফেনসিডিল ও বিদেশি মদসহ দুজনকে আটক করেছে বেড়া মডেল থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে কাগমাইরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ এ.কে.এম হাবিবুল ইসলামের নির্দেশনায় এসআই আলী আজম ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় কাগমাইরপাড়া মানিক-মেহেদী হাসান ফুড কর্নারের প্রায় ২০ গজ পশ্চিমে একটি ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো–১৫-৪৮১৯) থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—ট্রাকচালক সামাউল ইসলাম (৩১), রফিকুল ইসলাম (৩০)। তারা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ এ.কে.এম হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কুমিল্লা থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাকে মাদক বহন করা হচ্ছে। এরপর অভিযান চালিয়ে আমরা মাদকসহ দুজনকে আটক করি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেনসিডিল ও বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

























