পাবনার সাঁথিয়ায় এমপি-র উপর হামলার চেষ্টা: শেকড় পাবনা ফাউন্ডেশনের তীব্র নিন্দা
- আপডেট : ০৯:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৭৮ বার দেখা হয়েছে
পাবনা, ২৪ জুলাই ২০২৬ – পাবনার সাঁথিয়া উপজেলার ছেচানিয়া, আফতাবনগর বাজার জামে মসজিদে জুম’আর নামাজে স্থানীয় সংসদ সদস্য ও শেকড় পাবনা ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে ইমামতিতে বাধা প্রদান ও তাঁর উপর হামলার চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা ও সেক্রেটারি ডঃ মোস্তাফিজুর রহমান খান আজ এক যৌথ বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন তাঁর নির্বাচনী এলাকা সাঁথিয়া পৌরসভার অন্তর্গত ছেচানিয়া বাজার জামে মসজিদে জুম’আর নামাজ আদায় করতে যান। মসজিদ কমিটির অনুরোধে তিনি উক্ত মসজিদে নামাজের ইমামতি করতে রাজি হন এবং মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করেন। কিন্তু দ্বিতীয় খুতবার সময় দূরবর্তী অঞ্চল থেকে অসৎ উদ্দেশ্যে মসজিদে আগত কতিপয় উগ্র ও উশৃঙ্খল ব্যক্তি তাকে নামাজের ইমামতি করতে বাধা প্রদান করেন, যার ফলে মসজিদের অভ্যন্তরে হট্টগোল, হাতাহাতি এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিবৃতিতে এহেন ঘটনাকে অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত এবং মসজিদের পবিত্রতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ফাউন্ডেশন মনে করে, জনগণের ভোটে নির্বাচিত যেকোনো সংসদ সদস্য সক্ষমতা সাপেক্ষে তাঁর নির্বাচনী এলাকার যেকোনো মসজিদে নামাজের ইমামতি করার অধিকার সংরক্ষণ করেন। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন একজন নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পাশাপাশি অত্যন্ত বিজ্ঞ ও মেধাবী একজন আলেম এবং উঁচু স্তরের একজন ফিকাহবিদ। তাঁর মতো একজন নিরহংকার, বিনয়ী, অমায়িক ও বিজ্ঞ আলেমের সাথে এমন ধৃষ্টতাপূর্ণ আচরণে ফাউন্ডেশন উদ্বিগ্ন ও মর্মাহত।
একটি দায়িত্বশীল সামাজিক সংগঠন হিসেবে পাবনার সাধারণ মানুষের কণ্ঠস্বর শেকড় পাবনা ফাউন্ডেশন এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায় এবং মনে করে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। অতি দ্রুত এর লাগাম টেনে ধরতে না পারলে অদূর ভবিষ্যতে ধর্মীয় ও সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়ার সমুহ সম্ভাবনা রয়েছে।
শেকড় পাবনা ফাউন্ডেশনের পক্ষ থেকে পাবনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ধরনের উশৃঙ্খলতা ও সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, সকল আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দের বিশেষ নিরাপত্তা বিধানে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
বিবৃতিদাতৃবৃন্দ:
খান হাবিব মোস্তফা, সভাপতি, শেকড় পাবনা ফাউন্ডেশন
ডঃ মোস্তাফিজুর রহমান খান, সেক্রেটারি, শেকড় পাবনা ফাউন্ডেশন










