ঈশ্বরদীতে ঢাকাগামী ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনের স্টপেজ চালুর আশ্বাস রেল সচিবের
- আপডেট : ০৯:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৭৪ বার দেখা হয়েছে
ঢাকাগামী ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনের ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতির (স্টপেজ) দাবি জানিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ দাবি জানান।
সচিবের দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে এমপি আবু তালেব মন্ডল বলেন, “ঈশ্বরদী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তাই পাবনা এক্সপ্রেসের ঈশ্বরদীতে স্টপেজ দেওয়া এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবি। আমি আশা করি, জনগণের এই প্রত্যাশা দ্রুত বাস্তবায়ন হবে।”
তিনি আরও যোগ করেন, ট্রেনটি চালুর পর ঈশ্বরদীতে এর যাত্রাবিরতি নিশ্চিত করা গেলে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
এমপির এই দাবির প্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি জানান, আগামী মাসে ঢাকাগামী ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনটি চালুর পরিকল্পনা রয়েছে। ঈশ্বরদীতে ট্রেনটির স্টপেজের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মতে, প্রস্তাবিত এই ট্রেন চালুর পাশাপাশি ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান ঘটবে। এর ফলে রাজধানীর সঙ্গে এই জনপদের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল এবং স্বাচ্ছন্দ্যময় হবে।










