ঈশ্বরদীতে ডিবি কর্মকর্তা পরিচয়ে মাছ ব্যবসায়ীর ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই
- আপডেট : ০৬:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৭০ বার দেখা হয়েছে
পাবনার ঈশ্বরদীতে ডিবি (গোয়েন্দা পুলিশ) কর্মকর্তা পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের হারুখালী মাঠের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছ ব্যবসায়ী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি শেষে ট্রাকযোগে ফিরছিলেন ওই ব্যবসায়ী। পথিমধ্যে লালন শাহ সেতু পার হয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রাকটি থামানো হয়। এসময় দুটি মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি নিজেদের প্রশাসনের লোক ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের পথরোধ করে।
ছিনতাইকারীরা দাবি করে যে, ট্রাকে মাদকদ্রব্য রয়েছে এবং এই অজুহাতে তারা গাড়ি তল্লাশি শুরু করে। প্রাথমিক তল্লাশিতে মাদক না পাওয়ায় সিটের পেছনে রাখা মাছ বিক্রির টাকার ব্যাগটি তাদের নজরে আসে। ব্যাগটি দেখতে পেয়ে তারা ফের মাদকের মিথ্যা অভিযোগ তোলে।
ভুক্তভোগী ব্যাগটি ফাঁকা জায়গায় চেক করতে বললে প্রতারক চক্রটি জানায়—”এখানে নয়, তোদের পাশের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হবে।” এরপর সুকৌশলে ভয়ভীতি দেখিয়ে পুলিশের ফাঁড়ির দিকে যাওয়ার কথা বলে মাছ ব্যবসায়ীর গাড়িটিকে পিছু পিছু আসতে বলে ছিনতাইকারীরা।
তবে ফাঁড়ির দিকে না গিয়ে তারা গাড়িটি নির্জন হারুখালী মাঠের ভেতরের রাস্তার দিকে নিয়ে যায়। ভুক্তভোগী রাস্তা পরিবর্তনের প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে নির্জন স্থানে গাড়ি থামিয়ে ভুক্তভোগীর কাঁধ থেকে জোরপূর্বক টাকার ব্যাগটি কেড়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দেখিয়ে জিম্মি করে সব টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই এক স্থানীয় মোটরবাইক চালক সাহসিকতার সাথে ছিনতাইকারীদের ধাওয়া করলেও তাদের ধরতে সক্ষম হননি। ব্যবসায়ীদের দাবি, ছিনতাই হওয়া ব্যাগে মাছ বিক্রির মোট ৪ লাখ ২৬ হাজার টাকা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, “খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”









