ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ও সাবেক এমডির পুনর্বহালের দাবিতে ঈশ্বরদীতে নারী গ্রাহকদের মানববন্ধন
- আপডেট : ০৬:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১০৯ বার দেখা হয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানের পুনর্বহালের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক সমাজ’-এর ব্যানারে ব্যাংকটির আমানতকারীরা এ আন্দোলনের ডাক দেন। এবারের কর্মসূচিতে পুরুষ গ্রাহকদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী আমানতকারীদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী শহরের প্রধান সড়কের নাসিম টাওয়ারে অবস্থিত ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইসলামী ব্যাংক। কিন্তু ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে সাধারণ গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক সমাজ’-এর ব্যানারে বক্তব্য রাখেন, মোঃ সাইদুল ইসলাম, স্বত্বাধিকারী, মেসার্স কাজী ট্রেডার্স।
বাকীবিল্লাহ খান, স্বত্বাধিকারী, খান মটরস।
আলহাজ্ব আজাদ হোসেন, সভাপতি, ঈশ্বরদী ফার্মাসিউটিক্যালস ম্যানেজারস ফোরাম।
তারা সবাই বলেন, “জাতীয় অর্থনীতির স্বার্থেই এই আন্দোলন”
আন্দোলনরত গ্রাহকেরা আরও জানান, দেশের অন্যতম বৃহৎ ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু গ্রাহকদের আমানতের সঙ্গেই নয়, বরং জাতীয় অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংকটিকে সব ধরনের অনিয়ম ও সম্ভাব্য আর্থিক ঝুঁকি থেকে রক্ষা করার স্বার্থেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। ব্যাংকের স্বার্থ রক্ষা ও আমানতের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানান তারা আন্দোলনকারীদের প্রধান দাবিসমূহ উল্লেখ করে বলেন,নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশিদ আলমের নিয়োগ অবিলম্বে বাতিল করা, ব্যাংক পরিচালনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সাবেক এমডি মো. ওমর ফারুক খানকে সসম্মানে পদে পুনর্বহাল করা।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। এর পরপরই, গত ১ জুন ব্যাংকের একটি ভার্চুয়াল সভায় এমডি মো. ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হলে এই ক্ষোভ দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়, যার ধারাবাহিকতায় আজ ঈশ্বরদীতে এই মানববন্ধন পালিত হয়।









