বিধবার কোলে ফুটফুটে শিশু, এলাকায় চাঞ্চল্য!
- আপডেট : ১১:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩৯ বার দেখা হয়েছে
রাজশাহীর চারঘাটে বিধবা নারী জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্রসন্তান! গত রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সন্তান জন্ম দেওয়ার ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতককে দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান ওই নারীর বাড়িতে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা জানতে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরে নবজাতকের পিতৃপরিচয় প্রকাশ করেন ওই নারী কারিমন বেগম (৩৫)। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শুকচান্দ আলীর ছেলে সাইফুল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এর ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এর আগে গর্ভপাত করার চেষ্টা করে ব্যর্থ হন কারিমন বেগম। শেষ পর্যন্ত রোববার সন্ধ্যায় নিজ বাড়িতেই ছেলেসন্তানের জন্ম দেন তিনি।
এ খবর ছড়িয়ে পড়লে উত্তাল ওঠে উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি পশ্চিমপাড়া এলাকা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা এ ঘটনার বিচার দাবি করেন।
কারিমন বলেন, ২০১৬ সালে স্বামী আকছেদ আলী মারা যান। তিনি বলেন, ‘দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টে সংসার চালাচ্ছিলাম। এর মধ্যে ইউপি সদস্য সাইফুল বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আমার সন্তানের পিতৃপরিচয় চাই এবং তার বিচার দাবি করছি।’
এলাকার লোকজন জানান, আকছেদ আলীর মৃত্যুর পর সাইফুল ইসলাম প্রায়ই কারিমনের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেন।
অভিযুক্ত সাইফুলের স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্বামী নির্দোষ। তাকে ফাঁসানোর জন্য মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।’
অভিযুক্ত সাইফুল পলাতক থাকায় এ ব্যাপারে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
বর্তমান ইউপি সদস্য শামীম সরদার বলেন, বিধবা নারী কারিমনের ঘরে সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
কারিমনের ভাতিজা মাসুদ রানা বলেন, ‘চাচা মারা যাওয়ার পর প্রায় রাতেই চাচির বাড়ির আশপাশে সাইফুলকে ঘোরাফেরা করতে দেখা গেছে। এখন নবজাতকের পিতৃপরিচয় নিশ্চিত করে এর বিচার চাই।’
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘটনার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

















