ঈশ্বরদীর সাহাপুরে জামায়াতের নির্বাচনী পথসভা
- আপডেট : ১২:২১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ৪৭৯ বার দেখা হয়েছে
ঈশ্বরদীর সাহাপুরে জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে তিলকপুর সরদার মার্কেটে এ পথ সভার আয়োজন করা হয়। আয়োজিত এই নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, “ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতাই আমাদের মূল শক্তি। আমরা ভয় বা বাধার রাজনীতি করি না; করি জনগণের কল্যাণ, ন্যায় ও সত্যের রাজনীতি। দেশে আজ গণতন্ত্র ও ভোটাধিকার বিপন্ন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সহযোগিতায় ইসলামভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার এ আন্দোলন সফল হবে।
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খোন্দকার সানাউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এস এম সোহেল, জেলা কর্মপরিষদ সদস্য ও ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সগির বিন নাসির।

সাহাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মারুফ মোঃ আহসানউজ্জানান, উপজেলা আইন ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, ঈশ্বরদী পৌর সেক্রেটারি মাওলানা আল আমিন, সাহাপুর ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ সাব্বির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি সুশৃঙ্খল, ন্যায়নিষ্ঠ ও কল্যাণমুখী সমাজ গঠনে জামায়াতে ইসলামী অবিচলভাবে কাজ করছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।
পথসভায় উপস্থিত কর্মী ও সমর্থকদের প্রতি নেতৃবৃন্দ ইসলামী আদর্শ, ন্যায়নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকার আহ্বান করেন।























