রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং শুরু
- আপডেট : ০৬:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৩০ বার দেখা হয়েছে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টায় জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে বক্তব্য রাখার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের, রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রসি।
ঈশ্বরদীর জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং শুরু হচ্ছে। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, আমাদের কৃষিখাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
পাবনা জেলা বিএনপির আহবাযক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী রূপপুর পারমানবিক প্রকল্পের জ্বালানি লোডিং এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে, আমরা সহ ঈশ্বরদীবাসি এটা স্মরণ করে রাখবে । আমাদের দলের চেয়ারম্যান এবং সরকার প্রধান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় আজকে জ্বালানি লোডিং এর শুভ উদ্বোধনের অপেক্ষায় আছে । এই প্রকল্প উৎপাদনে গেলে অবশ্যই দেশের জ্বালানি এবং বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি মিটে যাবে। এই প্রকল্পটি উৎপাদনে গেলে ঈশ্বরদীবাসী সহ সারা দেশের বিদ্যুতের ঘাটতি পূরণ হবে।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল জব্বার বলেন, এই প্রকল্প চালু হলে আমাদের এলাকার অর্থনীতি আরও গতিশীল হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে এটাই আমাদের প্রত্যাশা।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ডিজাইন ও নির্মাণ লাইসেন্স পাওয়ার পর ২০১৭ সালের ৩০ নভেম্বর মূল নির্মাণ কাজ শুরু হয়। চলতি মাসের ১৬ তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে।
প্রকল্প সংশ্লিষ্টদের আশা, জ্বালানি লোডিং সফল ভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে প্রাথমিক ভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














